বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী ঘোষিত হরতাল কর্মসূচিতে বিএনপি সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজ...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী ঘোষিত হরতাল কর্মসূচিতে বিএনপি সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘সরকার বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে। ভয়-ভীতি ও শঙ্কা সারাদেশে ছড়িয়ে তারা একক রাজত্ব কায়েম করতে চাচ্ছে। তাই এখন কোনো আন্দোলন নেই, নির্বাচন নেই, নেই কোনো কর্মসূচি তারপরও হঠাৎ আকস্মিকভাবে সরকার তাদের নির্যাতন ও জুলুমের ধারাবাহিকতা প্রতিষ্ঠায় বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। রিমান্ডের নামে নির্যাতন করছে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘একমাত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে সরকার। নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। আগে নির্বাচন হতো জনগণের ইচ্ছায় নির্বাচন কাঠামো অনুসরণ করে, আর এখন তারা চাচ্ছে নির্বাচন হবে তাদের একক ইচ্ছায়।’
তিনি আরও বলেন, আগামী ১৫ অক্টোবর বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে চলমান রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নেবে। ইসির সংলাপে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত বিষয় তুলে ধরা হবে সে ব্যাপারে দলটির সিনিয়র নেতারা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করছেন।
প্রসঙ্গত, দলের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জনকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিৃবতিতে দলের নতুন ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে বুধবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং শুক্রবার গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির জন্য দেশব্যাপী দোয়া দিবসের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
COMMENTS