বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে বিএনপি নয়, রাজনীতি করছে আওয়ামী লীগ এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল ক...
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে বিএনপি নয়, রাজনীতি করছে আওয়ামী লীগ এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠন।
নোমান বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনও কক্সবাজারে অবস্থান করে আনুষ্ঠানিকভাবে ব্যানার নিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। আর বলছেন, স্থানীয় জেলা প্রশাসককে প্রধান করে একটি টিমের মাধ্যমে আমরা ত্রাণ বিতরণ করছি। অথচ আমাদের ক্যাম্পের গেটের সামনেই যেতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রোহিঙ্গাদের সাহায্যার্থে কোনো কর্মকাণ্ড চালাতে পারছে না। আওয়ামী লীগ এবং ওবায়দুল কাদের রোহিঙ্গাদের নিয়েও রাজনীতি করছে। বিএনপি তাদের নিয়ে কোনো রাজনীতি করছে না।’
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে হান্নান শাহর অবদান অনস্বীকার্য উল্লেখ করে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে। আমরা মনে করি বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট। আর সেই ব্যালট প্রতিষ্ঠার পরিবেশ আমাদেরকেই করতে হবে। এ পরিবেশ আলোচনার মাধ্যমেও তৈরি হতে পারে।
যদি আলোচনায় সমাধান না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সেই পরিবেশ তৈরি করতে হবে। কারণ জনগণ আমাদের দিকে চেয়ে আছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটাতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। কারণ এ অবৈধ সরকার চায় এমন নির্বাচন যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে।’

COMMENTS