ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে চিকিৎসার সুবিধার্থে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে তার শারীরিক ...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে চিকিৎসার সুবিধার্থে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির স্বাক্ষরিত এক বিবৃতিতে মেয়র আনিসুলের স্ত্রী রুবানা হক একথা জানান।
তিনি বলেন, ‘আজ (শুক্রবার) চিকিৎসকরা আনিসুলের মস্তিষ্ককে পুরোপুরি বিশ্রামে রাখতে তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
রুবানা হক বলেন, ‘আনিসুল হক কী ধরনের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) ভুগছেন, তা নির্ণয়ে চিকিৎসকেরা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান যাতে তার স্ট্রোকের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা যায়।’
মেয়রের স্ত্রী বলেন, ‘প্রথম দফায় আনিসুলকে যেসব ওষুধ দেওয়া হয়েছে, সেটি তাকে প্রভাবিত করেনি। আগামী সপ্তাহে চিকিৎসার বিষয়ে আরও হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশা করছি।’
মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। সুস্থ থাকলে ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

COMMENTS