বাংলাদেশের সিনেমায় এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন চিত্রনায়ক শাকিব খান। প্রেক্ষাগৃহের মালিকদের কাছে এই তারকার সিনেমা মানেই নিশ্চিন্ত নির...
বাংলাদেশের সিনেমায় এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন চিত্রনায়ক শাকিব খান। প্রেক্ষাগৃহের মালিকদের কাছে এই তারকার সিনেমা মানেই নিশ্চিন্ত নির্ভরতা, ব্যবসায়িক সফলতা।
শাকিবের নাম শুনেই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ছুটে যান অনেক দর্শক। জনপ্রিয়তার দিক দিয়ে এই নায়ক এরই মধ্যে পেরিয়েছেন দেশের সীমানাও। নিজ দেশের পাশাপাশি বাইরের দেশেও নিজের জনপ্রিয়তার কথা জানান দিতে সক্ষম হয়েছেন। কলকাতা আর দুবাইয়ে তাঁর সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ তা-ই প্রমাণ করে।
দেশের সিনেমার প্রযোজক আর পরিচালকেরা শাকিবের পরবর্তী আরও কয়েকজন নায়কের খোঁজ করছিলেন, যাঁরা হয়ে উঠতে পারবেন যোগ্য উত্তরসূরি। হল মালিকেরাও শাকিবের পাশাপাশি অন্য নায়কের সিনেমা বিনা দ্বিধায় চালাতে পারেন, ব্যবসায়িকভাবে লাভবান হবেন, সেই আশায় বুক বেঁধেছেন এত দিন। ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে দেশের সিনেমার নির্ভরযোগ্য সেই নায়কের অভাব ঘুচতে যাচ্ছে বলে পরিচালক, প্রযোজক, মালিকসহ অনেকেরই অভিমত।
দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায় ৬ অক্টোবর। দ্বিতীয় সপ্তাহেও সমান তালে চলছে এই সিনেমা। প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শক বলছেন, বহুদিন পর একটি ভালো মানের দেশি সিনেমা দেখেছেন তাঁরা। সিনেমার ব্যবসায়িক সফলতার পর দর্শকের পাশাপাশি সিনেমা–সংশ্লিষ্ট অনেকেই বলছেন, দেশের সিনেমায় আরিফিন শুভ সম্ভাবনার বড় জায়গাটা দখল করতে যাচ্ছেন।

COMMENTS