মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। সাধারণ মানুষেরও হয়। আবার বলিউড বাদশা শাহরুখ খানেরও হয়। তবে ইদানীং ভুল বোধহয় একটু বেশিই হচ্ছে কিং খানের। এর জন্য ...
মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। সাধারণ মানুষেরও হয়। আবার বলিউড বাদশা শাহরুখ খানেরও হয়। তবে ইদানীং ভুল বোধহয় একটু বেশিই হচ্ছে কিং খানের।
এর জন্য অবশ্য ক্ষমাও চেয়ে নিচ্ছেন তিনি। এবার চাইলেন ভারতীয় প্রমিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কুল মিতালি রাজের কাছে।
কিন্তু কী এমন করলেন কিং খান, যার জন্য মিতালির কাছে ক্ষমা চাইতে হলো তাকে? আসলে বহুদিন বাদে টেলিভিশনে ফিরছেন বলিউড বাদশা। টেড টক নামে জনপ্রিয় টেলিভিশন সিরিজের ভারতীয় ভার্সনের সঞ্চালনা করতে চলেছেন শাহরুখ। যার প্রথম এপিসোডের বক্তা হিসেবে বাছা হয়েছে পরিচালক-প্রযোজক করণ জোহর ও ক্যাপ্টেন মিতালি রাজকে।
ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, শোয়ের শুটিংয়ের জন্য সময় মতোই সেটে পৌঁছে যান মিতালি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কিং খানের দেখা মেলেনি। প্রায় চার ঘণ্টা পর সেটে আসেন শাহরুখ। তবে এসেই প্রায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন তিনি। সোজা মিতালির কাছে ক্ষমা চেয়ে নেন। বদলে যাওয়া সম্পর্কের বিষয়ে কথা বলার কথা ছিল মিতালির। শাহরুখ নিজে মিতালিকে সাহায্য করেন স্ক্রিপ্ট তৈরি করতে। কেমন করে সবার সামনে কথা বলতে হবে, সে বিষয়ে টিপসও দেন।
বলিউডে লেট লতিফদের কমতি নেই। বিশেষ করে শাহরুখ, সালমানদের ক্ষেত্রে এ কথা ভীষণভাবে প্রযোজ্য। কিন্তু সময়ের হিসেবে একটু দেরি হলেও, কোন পরিস্থিতিকে কীভাবে সামাল দিতে হয় তা ভালই জানেন কিং খান। আর এ জন্যই বোধহয় রোমান্স কিংয়ের তকমা তার ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রযোজ্য।

COMMENTS