ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশু বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ স...
ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশু বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
কোরবানির পশুর বর্জ্য অপসারণে গতি আনতে দুই সিটি করপোরেশনের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৯ আগস্ট) নগর ভবনে দুই সিটি করপোরেশন আয়োজিত যৌথ এক সমন্বয় সভায় মেয়র সাঈদ খোকন এ কথা বলে। তিনি বলেন, 'বর্জ্য ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও দ্রুত সময়ে সম্পন্ন করতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে পারব।'
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র অসুস্থ হয়ে দেশের বাইরে থাকায় ঈদের প্রস্তুতিমূলক এ সভা যৌথভাবে করা হয়েছে।
মেয়র সাঈদ খোকন জানান, রাজধানীতে পশু কোরবানির জন্য ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থানে পশু কোরবানি করা যাবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে সবার প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন, তাহলে আমাদের বর্জ্য অপসারণ করা সহজ হবে। এছাড়া বাড়ির ভেতরে কোরবানি করলেও নির্ধারিত ব্যাগে ময়লাগুলো বাইরে এনে রাখবেন।'
কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য দক্ষিণ সিটি করপোরেশন আড়াই লাখ চটের ব্যাগ এবং উত্তর সিটি করপোরেশন ৪ লাখ ৫৫ হাজার পলিব্যাগ সরবরাহ করবে বলেও জানান তিনি।
এবার দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হতে পারে বলে জানান মেয়র সাঈদ খোকন। এ কারণে ঈদের তিন দিন অতিরিক্ত প্রায় ২৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে।
অনুষ্ঠানে ডিএনমিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাস্মদ মেসবাহুল ইসলাম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

COMMENTS