আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দল ভারি করার জন্য খারাপ লোককে নেবেন না। লেবুখালী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি স...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দল ভারি করার জন্য খারাপ লোককে নেবেন না।
লেবুখালী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে তিনি একথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এমপি, পটুয়াখালী-৪ আসনের মাহবুবুর রহমান তালুকদার এমপি, পটুয়াখালীর সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেচ্ছা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান মোশাররফ হোসেন প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, কোন সন্ত্রাসী, মাদকাসক্ত ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাউকে সদস্য করবেন না। নিজে ভাল কিন্তু আশপাশের লোক খারাপ হলে আপনাকে ডুবিয়ে দেবে- এমন লোক থাকলে তাদের পরিহার করুণ নয় সংশোধন করুন না হলে সংগঠন থেকে বের করে দিন।
তিনি বলেন, পরিস্কার কথা পকেট কমিটি করা বাদ দিন। ত্যাগী কর্মীদের কোণঠাসা করে নিজের আত্মীয়-স্বজন দিয়ে পকেট কমিটি করা চলবে না। ক্ষমতার দাপট দেখাবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় না থাকলে, বিএনপি আসলে সেই ভয়াবহ অন্ধকারে ফিরে যেতে হবে। তাই সবাইকে এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং কোনো নেতার নামে শ্লোগান হবে না। শ্লোগান একটাই, তা হবে শেখ হাসিনার শ্লোগান।
এদিকে সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে লেবুখালী সেতু এলাকায় পায়রা নদীর পটুয়াখালী ও বরিশাল প্রান্তের সড়কের দু’ধারে ওবায়দুল কাদেরের ছবি সম্বলিত রং বে-রংয়ের ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করে পুরো এলাকা সুসজ্জিত করা হয়। হাজার হাজার নেতা-কর্মী মন্ত্রীকে স্বাগত জানায়।



COMMENTS